স্পোর্টেইনমেন্ট

সাকিবের শটে কলকাতা নাইট রাইডার্স-এর জয় আইপিএলে

আইপিএলে শারজায় এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার রাতে ম্যাচে জয়সূচক রানটি এনে দিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

শেষ ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে কলকাতার জয় নিশ্চিত করেন সাকিব। তিনি ৬ বলে ১ চারে ৯ রান নিয়ে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৭ বলে ৫ রান নিয়ে অপরাজিত থাকেন ইয়ান মরগান। এই জয়ে আইপিএল ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখলো কলকাতা। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কোহলিদের ব্যাঙ্গালুরু।

শুরুতে হাতে বল নিয়ে বিরাট কোহলিদের ইনিংস একাই ধসিয়ে দেন কেকেআরের ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। ৪ ওভারে ২১ রান দিয়ে শিকার করেন চারটি উইকেট। নারিনের এই বোলিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান তুলতে পারে ব্যাঙ্গালুরু।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করে কলকাতা। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন শুভমান গিল ও ভেঙ্কটেশ আয়ার। ১৮ বলে ৪ চারে ২৬ রান করে ফেরেন গিল। ৫৩ রানের মাথায় আউট হন রাহুল ত্রিপাঠী (৬)। ৭৯ রানে ফেরেন ভেঙ্কটেশ আয়ার। তিনি ৩০ বলে ২৬ রান করে যান।

শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৭ রান। ড্যান ক্রিস্টিয়ানের করা প্রথম বলেই স্কুপ শট খেলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকান সাকিব। তাতে ৫ বলে প্রয়োজন হয় ৩ রান। পরের বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন সাকিব। তৃতীয় বলে ১ রান নেন মরগান। চতুর্থ বলে সাকিব ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button