শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনার সংক্রমণ বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধ করে দেয়া হবে কিনা সে বিষয়ে আগামীকাল রোববার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
শনিবার (৮ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল কোভিড-১৯–সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, আমাদের ধারণা ছিল, মার্চে গিয়ে সংক্রমণ বাড়বে। কিন্তু এখন জানুয়ারির গোড়ায় বাড়তে শুরু করেছে। কাজেই যে পরিকল্পনা, তাতে কিছুটা সমন্বয়ের দরকার হবে। কিন্তু আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। বরং আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী যেন করোনার টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। সেটিরও ব্যবস্থা করা হচ্ছে।
দীপু মনি বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান দেড় বছর থাকায় সবারই ঘাটতি হয়েছে। সেটি পূরণের জন্য ব্যবস্থা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন করে করোনা পরিস্থিতি বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করে দিলে কতদিনে আবার সচল করা সম্ভব হবে তা অনিশ্চিত। সে কারণে আমরা চাই ভ্যাকসিনেশনের আওতায় শিক্ষার্থীদেরকে এনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে।



