বাংলাদেশ

শিগগিরই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি তাই ধাপে ধাপে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে নির্দেশনা দিয়েছেন, আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি। আমরা এখন পর্যন্ত সেটাই করছি। তারা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, এজন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছি।

তিনি বলেন, আশা করি যেভাবে সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে- এটা আমাদের জন্য সুখবর। এ নিম্নগতি থাকলে শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো।

ডা. দীপু মনি বলেন, সবাই শুরু থেকেই সপ্তাহে ছয়দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।

Related Articles

Leave a Reply

Back to top button