
ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকটির নির্বাহী কর্মকর্তাসহ ৪ জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হেলাল উদ্দিন।
তিনি বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ আসামিদের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
রিমান্ড পাওয়া ৪ আসামি হলেন- ন্যাশনাল ব্যাংক দিলকুশা শাখার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ডন (৪৩), গাড়িচালক আব্দুল লতিফ (৫৫), দুজন নিরাপত্তাকর্মী শাহ আলম (৫০) ও ইউনুস আলী (৫০)।
মামলা সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা দুজন সশস্ত্র নিরাপত্তাকর্মী নিয়ে পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা তোলার পর সেই টাকা নিয়ে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে গাড়ি করে রওনা হন। পুরান ঢাকার বাবুবাজারে পৌঁছুনোর পরই গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা ৮০ লাখ টাকা ভর্তি টাকার একটি বস্তা পাওয়া যাচ্ছে না বলে হঠাৎ চিৎকার শুরু করেন।
ঘটনার দিনই কোতোয়ালি থানা পুলিশ ওই ৪ জনকে আটক করে।
এরপর এ ঘটনায় দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করন।



