বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়লো ১৬ মে পর্যন্ত

মঙ্গলবার (৫ মে) নতুন এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে ১৬ মে পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (শিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হলো।’
বিমান চলাচলে নিষেধাজ্ঞার আওতায় থাকা ১৬টি দেশের মধ্যে আছে- বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচলে ১৬ মে পর্যন্ত নিষেধাজ্ঞা বর্ধিত করা হলেও এইসময়ে কার্গো, ত্রাণ সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনা কার্যক্রম চালু থাকবে।
সবশেষ গত ২৭ এপ্রিল ১৬ দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার সেটি বাড়লো ১৬ মে পর্যন্ত।



