বাংলাদেশ

বিশ্ব শরণার্থী দিবস আজ

বিশ্ব শরণার্থী দিবস আজ। প্রতি বছর আজ ২০ জুন বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতাদের সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়। এবারের শরণার্থী দিবসের প্রতিপাদ্য ‘নিরাপত্তা খোঁজার অধিকার’।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এটি। গত দুই বছর মহামারির প্রকোপে বিশ্বে দিবসটি তেমন একটা পালন করা হয়নি। তবে এবছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দিবসটি পালনের নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

যুদ্ধ, নির্যাতন, মামলা-হামলার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিশ্বজুড়ে বেড়েই চলেছে শরণার্থীর সংখ্যা। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য বলছে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে শরণার্থীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। মোট শরণার্থীর মধ্যে বাংলাদেশির সংখ্যাও কম নয়। তবে বিশ্বে শরণার্থীদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশ সপ্তম অবস্থানে রয়েছে।

বাংলাদেশে উল্লেখযোগ্য হলো রোহিঙ্গা সংকট। বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের সেনা নির্যাতন ও গণহত্যা থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয়। এছাড়া এর আগে থেকেই আরও প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। এদের মধ্যে ভাষানচরে এক লাখের বেশি রোহিঙ্গাকে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে সরকার। যেখানে তারা উন্নত সুবিধা পাচ্ছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসি আরের তথ্যানুযায়ী, ২০২১ সালের শেষে বিশ্বে শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছিল ৯ কোটি ৯৩ লাখে। সম্ভাব্য খাদ্য সংকটের কারণে আরো মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হবে। এছাড়া যুদ্ধ, সংঘাত, জলবায়ু সংকট তো রয়েছেই।  আন্তর্জাতিক সম্প্রদায় এক হয়ে এই মানবিক দুর্দশা লাঘবে, সংঘাত বন্ধে উদ্যোগ না নিলে এই ভয়াবহ প্রবণতা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button