সেই পুরনো লাঠিয়াল ও নিপীড়কের ভূমিকাতেই বন্দি পুলিশ!
◉ গুম-নির্যাতন ও হেফাজতে মৃত্যু: সরকার বদলায়, পুলিশের চরিত্র বদলায় না ◉

➤➤ ক্ষমতার পালাবদল ঘটে, গদি বদলায়, কিন্তু পুলিশের মগজ আর মনস্তত্ত্বে কোনো রদবদল হয় না। সাধারণ মানুষকে তুলে নেওয়া, তল্লাশির নামে হয়রানি কিংবা রিমান্ডের আড়ালে মধ্যযুগীয় কায়দায় পেটানোর যে ‘ঐতিহ্যবাহী’ সংস্কৃতি বাংলাদেশ পুলিশ বছরের পর বছর ধরে সযত্নে লালন করে আসছে, তা আজও বহাল তবিয়তে টিকে আছে।
প্রশাসনিক সংস্কারের গালভরা বুলি আর ‘পুলিশ জনগণের বন্ধু’ মার্কা সস্তা স্লোগানগুলোর আড়ালে বাহিনীর একটি বড় অংশ এখনো সেই পুরনো লাঠিয়াল ও নিপীড়কের ভূমিকাতেই অবতীর্ণ।
মানবাধিকারকর্মী ও আইন বিশেষজ্ঞদের মতে, জবাবদিহির অভাব আর দীর্ঘদিনের দায়মুক্তির চর্চাই পুলিশকে এই বেপরোয়া রূপ দিয়েছে। আইনি তোয়াক্কা না করে নাগরিককে তুলে নেওয়া এবং নির্যাতন করা কেবল মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, এটি পুরো বিচারিক ব্যবস্থার প্রতি এক চরম উপহাস।
বইয়ের পাতায় নাগরিকের সুরক্ষা, থানাগুলো যেন ‘জল্লাদখানা’
বাংলাদেশের সংবিধানে এবং আইনে কাগজে-কলমে সাধারণ মানুষের সুরক্ষার কোনো কমতি নেই। সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া বা নিষ্ঠুর, অমানবিক দণ্ড দেওয়া সম্পূর্ণ বেআইনি। এছাড়া, ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩’-এর ১৫ ধারা অনুযায়ী, হেফাজতে কোনো আসামিকে শারীরিক বা মানসিক নির্যাতন করলে দায়ী কর্মকর্তার সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে।
আর নির্যাতনে মৃত্যু হলে দোষী পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড এবং ন্যূনতম ১ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারকে অতিরিক্ত ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা আছে আইনে।
◉ ‘পিপিএফ’ নামে আত্মপ্রকাশ হচ্ছে র্যাবের
অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ৪৬ ধারা স্পষ্টভাবে বলছে, গ্রেফতারের সময় আসামি পালানোর বা বাধা দেওয়ার চেষ্টা না করলে তার ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না।
কিন্তু বাস্তবতা হলো, আইনের এই সুন্দর কথাগুলো কেবল বইয়ের পাতাতেই ধুলো খাচ্ছে। বাস্তবে গ্রেফতারি পরোয়ানা ছাড়া তুলে নেওয়া, স্বজনদের তথ্য না দেওয়া এবং রিমান্ডের নামে নির্যাতন—এসব পুলিশের রোজকার রুটিন।
ক্রিকেটার থেকে কেয়ারটেকার—নিস্তার নেই কারও
পুলিশের এই লাগামহীন ক্ষমতার কাছে যে কেউই অসহায়, তার সর্বশেষ প্রমাণ জাতীয় দলের ক্রিকেটার নাঈম। গত ১২ জুন রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের নিচে পুলিশ তাকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে পাইপ দিয়ে পিটিয়ে হেনস্তা করে।
পরিচয় দেওয়ার পরও ‘তুমি আসামি, কথা বলবি না’ বলে তাকে খুলশী থানায় নিয়ে ওসির রুমেও মারধর করা হয়। পরে সমালোচনার মুখে এক এসআইসহ তিনজনকে প্রত্যাহার করা হলেও, প্রশ্ন ওঠে—একজন পরিচিত ক্রিকেটারের যদি এই দশা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
একই চিত্র দেখা যায় পিরোজপুরে। চলতি বছরের ১৩ এপ্রিল ডিবি পুলিশের মেসের অস্থায়ী কেয়ারটেকার মো. ইউনুস ফকিরকে টাকা চুরির অভিযোগে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়। পাশবিকতার মাত্রা এতটাই ছাড়িয়েছিল যে, তার শরীরের সংবেদনশীল স্থানে মোমের আগুন দিয়ে পোড়ানো হয়।

ঘটনা ধামাচাপা দিতে তাকে সরকারি হাসপাতালে না নিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় এবং মুখ বন্ধ রাখতে চাপ দেওয়া হয়। পরে প্রকৃত অপরাধী (ঝাড়ুদার শাকিল) ধরা পড়লেও, ইউনুস ফকিরের ওপর ঘটে যাওয়া রোমহর্ষক নির্যাতনের দায় কে নেবে? দায়সারাভাবে দুই কনস্টেবল ও ওসিকে প্রত্যাহার করেই পুলিশ প্রশাসন যেন তাদের ‘পবিত্র দায়িত্ব’ পালন করেছে।
রায়হান হত্যা: অন্তহীন বিচারের এক নির্মম প্রহসন
পুলিশের এই বিচারহীনতার সংস্কৃতির সবচেয়ে বড় উদাহরণ সিলেটের রায়হান উদ্দিন হত্যাকাণ্ড। ২০২০ সালের ১০ অক্টোবর কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং ২০২১ সালের মে মাসে পিবিআই চার্জশিট দেয়।
অথচ চার বছর পেরিয়ে গেলেও, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিচারিক প্রক্রিয়া এখনো শেষ হয়নি। ৬৯ জন সাক্ষীর মধ্যে ৬৩ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এখন রায়ের জন্য প্রস্তুত হলেও, একটি পুলিশি হেফাজতে মৃত্যুর বিচার পেতে রাষ্ট্রযন্ত্রের এই দীর্ঘসূত্রতা সাধারণ মানুষের মনে চরম হতাশা আর অনাস্থার জন্ম দিচ্ছে।
জবাবদিহির অভাব নাকি ‘সিস্টেমের’ আশীর্বাদ?
পুলিশের এই লাগামহীন আচরণের পেছনে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দুষছেন বিশ্লেষকরা। সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তৌহিদুল হকের মতে, ‘পুলিশ বিনা পরোয়ানায় কাউকে তুলে নেওয়ার এই সংস্কৃতির পেছনে দীর্ঘদিনের দায়মুক্তির প্রবণতা অন্যতম কারণ। অভিযোগ ওঠার পরও কার্যকর তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা দৃশ্যমান না হওয়ায় অনিয়মের পুনরাবৃত্তি ঘটে।’
একই সুরে কথা বলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রিয়াদ সাহেল। তিনি বলেন, ‘পুলিশ কাউকে গ্রেফতার করলে তার কারণ, স্থান এবং সময় সম্পর্কে স্বজনদের অবহিত করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তল্লাশির নামে কাউকে হয়রানি করার কোনো সুযোগ আইনে নেই। কিন্তু এসব নিয়ম মানা হয় না বলেই আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম বারবার প্রশ্নের মুখে পড়ছে।’
◉ সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬টি অপহরণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক মহাসমাবেশে অত্যন্ত স্পষ্টভাবেই বলেছেন, ‘পুলিশ, দুদক ও বিচার বিভাগে কাঠামোগত সংস্কার না হলে জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ হবে না।” চট্টগ্রামে ক্রিকেটারের ওপর নির্যাতনের ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, “এটি প্রমাণ করে যে পুলিশি ব্যবস্থায় এখনো কাঙ্ক্ষিত সংস্কার হয়নি।’
সরকার আসে, সরকার যায়। কিন্তু ক্ষমতার লাঠিয়াল হিসেবে পুলিশকে ব্যবহারের যে নগ্ন সংস্কৃতি, তা বদলায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে—এই ধারণা বাংলাদেশে এখনো এক অলীক স্বপ্ন। দায়মুক্তির খোলস ভেঙে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কাঠামোর মাধ্যমে বাহিনীর ভেতরে জবাবদিহি নিশ্চিত করা না গেলে, পুলিশের এই তুলে নেওয়ার সংস্কৃতি আর নির্যাতনের জল্লাদখানা থেকে সাধারণ মানুষের মুক্তি মেলা অসম্ভব।
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ১৮ জুন ২০২৬



