বাংলাদেশ

করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন

বাংলাদেশকে করোনার সংক্রমণ মোকাবিলায় সার্বিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন।

ঢাকায় সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফিংহে মঙ্গলবার (২৭ এপ্রিল) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে এ আগ্রহের কথা জানিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়াল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘সাক্ষাতের সময় রাষ্ট্রপতি করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপরে গুরুত্বারোপ করে বলেন, ‘বাংলাদেশ চীনের সঙ্গে এ ব্যাপারে একসঙ্গে কাজ করতে আগ্রহী। করোনার ভ্যাকসিন সম্পর্কে গবেষণা ও উত্পাদনে যৌথ উদ্যোগ নিতেও আগ্রহী বাংলাদেশ।’

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানেও চীন কাজ করে যাচ্ছে।’

চীনের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার চীন। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। অবকাঠামো ও যোগাযোগসহ বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক খুবই ভালো। এ সম্পর্ককে কাজে লাগিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ চীন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের কথা উল্লেখ করে আগামী দিনে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন।

একদিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান জেনারেল ওয়েই ফিংহে।

Related Articles

Leave a Reply

Back to top button