বিসর্জনে মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমী। ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর ছিলো বিসর্জনের ঘাট।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বুড়িগঙ্গার ওয়াইজঘাট দেবী দুর্গার জয়ধ্বনি, ঢাক-ঢোল, কাঁসর ও ঘণ্টা বাজিয়ে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় ভক্তের কারো চোখে খুশীর ঝিলিক কারো চোখে জল।
দুপুরের পর থেকে বিভিন্ন স্থানের পূজামণ্ডপ থেকে প্রতিমাগুলো একে একে আসতে শুরু করে। তবে করোনা পরিস্থিতির জন্য এ বছর হয়নি কোনো শোভাযাত্রা। শুধু বিসর্জনের জন্য যাদের প্রয়োজন, তারাই আসেন প্রতিমার সঙ্গে। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন। এতে সহায়তা করে স্থানীয় ঘাট প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড। ফলে বিভিন্ন সাবধানতা অবলম্বন এবং সবার সহযোগিতায় কোনো ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা প্রতিমা বিসর্জন।
ওয়াইজঘাট ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিশেষ করে করোনার জন্য এবার নিজস্ব ঘটে বিসর্জনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমা ঘাটে নেওয়ার পর ভক্তরা শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতি শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে নৌকায় তুলে বিসর্জন দেয় ভক্তরা।
তবে আগামী বছর আরও সুন্দর একটি উৎসব নিয়ে দেবী দুর্গা মর্ত্যে আসবেন এটাই প্রত্যাশা সবার।
এবার দেবী এসেছেন দোলায়, যাবেন গজে (হাতি) চড়ে। করোনা মহামারির কারণে সংক্রমণ এড়াতে এ বছর ধর্মীয় আচার-অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।



