অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে। কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে। স্লোগান দেয়। প্রশংসা করে। আমি জানতে চাই, এটা কি তাদের মনের কথা? আমি বলতে চাই, অতি আপনজন সাজার কোনও প্রয়োজন নেই।’
বুধবার সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরতো। কিন্তু ১৫ আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিল।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের জলের কথা জাতি এখনও ভুলে যায়নি।’
সেতুমন্ত্রী বলেন, ‘আজ ভয় হয় যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড, পোস্টারে আকাশ ঢেকে যায়। কারণ ১৫ আগস্টের আগেও দলে দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে। তোয়াজ-শোষণের ফল ও পরিণতি শুভ নয়। শেখ হাসিনার সরকার চায় স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা।’
সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সঙ্গে রাজনীতিকদের একটা সুসম্পর্ক রাখার কথা জানান তিনি। ‘রাজনীতিকরা সিদ্ধান্ত দেবেন আর তা সরকারি কর্মকর্তারা বাস্তবায়ন করবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।’



