
ক্যালেন্ডারের পাতায় সরকারি নিষেধাজ্ঞা এলেই মৎস্যজীবীদের জালে টান পড়ে। কিন্তু এই নিয়মের বেড়াজাল কি আদৌ জানে আমাদের জাতীয় মাছ? গবেষণা বলছে, ইলিশ কোনো সরকারি ঘোষণা বা তারিখ চেনে না। সে চলে প্রকৃতির অমোঘ নিয়মে, যাকে বিজ্ঞানীরা বলছেন ‘পানির ভাষা’।
নদীর তাপমাত্রা, লবণাক্ততা, অক্সিজেনের মাত্রা আর বৃষ্টির ছন্দে তৈরি সেই ভাষাই নির্ধারণ করে ইলিশের গতিপথ। জলবায়ু পরিবর্তনের উত্তাল সময়ে দাঁড়িয়ে এখন প্রশ্ন উঠেছে-এই সংবেদনশীল মাছটি কি তার চেনা পথ হারিয়ে বিপন্ন হতে চলেছে?
নদী ছেড়ে সাগরের দিকে অভিপ্রয়াণ: বিগত কয়েক দশকের তথ্য বিশ্লেষণ করলে একটি বড় পরিবর্তনের চিত্র ফুটে ওঠে। এক সময় মোট ইলিশ উৎপাদনের সিংহভাগ আসত অভ্যন্তরীণ নদীগুলো থেকে। কিন্তু সময়ের পরিক্রমায় সেই চিত্র পুরোপুরি পাল্টে গেছে; এখন উৎপাদনের বড় অংশ ধরা পড়ে সামুদ্রিক জলসীমা থেকে। এই ভৌগোলিক বিচ্যুতি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি সতর্কবার্তা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা নদী গবেষণাগারের সমন্বয়ক ও অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়ার মতে, ইলিশের এই অভিপ্রয়াণ মূলত নদী ভরাট, নাব্যতা হ্রাস এবং দূষণের মতো মানবসৃষ্ট সংকটের সম্মিলিত ফলাফল। জলবায়ু পরিবর্তন এই দুর্বল বাস্তুতন্ত্রের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
ইলিশের খাদ্যশৃঙ্খল ফাইটোপ্ল্যাঙ্কটন ধ্বংসের মুখে: ইলিশের প্রজনন ও বিচরণপথ পুরোপুরি নির্ভরশীল তার অভ্যস্ত জলজ পরিবেশের ওপর। মেঘনা ও তেঁতুলিয়ার মতো মোহনাগুলো ইলিশের জন্য আদর্শ ‘নার্সারি’ হিসেবে পরিচিত। কিন্তু মিঠা পানির প্রবাহ কমে গেলে এবং লবণাক্ততা বেড়ে গেলে এই এলাকাগুলো তার উপযোগিতা হারায়।
সাম্প্রতিক গবেষণা বলছে, নদীর গভীরতা কমে যাওয়া এবং শিল্পবর্জ্যে পানি বিষাক্ত হয়ে ওঠায় ইলিশের খাদ্যশৃঙ্খল ফাইটোপ্ল্যাঙ্কটন ধ্বংসের মুখে। ফলে মাছটি এখন আগের মতো নদীপথে ফিরে আসতে অনাগ্রহী।
ব্যবস্থাপনা ও জীববৈজ্ঞানিক বাস্তবতার দ্বন্দ্ব: বাংলাদেশে ইলিশ সংরক্ষণে ‘সময়ভিত্তিক নিষেধাজ্ঞা’ একটি সফল মডেল হিসেবে পরিচিত। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টির ধরন এবং পানির গুণগত মানে যে অসামঞ্জস্য দেখা দিচ্ছে, তাতে নির্দিষ্ট ক্যালেন্ডারভিত্তিক নিয়ম কতটা কার্যকর থাকবে?
ড. কিবরিয়ার মতে, “নিষেধাজ্ঞা ঘোষণার আগে স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস, পানির লবণাক্ততা এবং জীববৈজ্ঞানিক সূচকগুলোর ওপর ভিত্তি করে নিয়মিত সময়কাল পর্যালোচনার প্রয়োজন।” অর্থাৎ, মানুষের তৈরি ক্যালেন্ডার নয়, মাছের প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণই হতে পারে স্থায়ী সমাধান।
বিপন্ন জীবিকা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ: দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় ইলিশের অবদান অনস্বীকার্য। যদিও বাংলাদেশ এখনও বিশ্বের শীর্ষ ইলিশ উৎপাদনকারী দেশ, কিন্তু ক্রমবর্ধমান পরিবেশগত চাপ সামাল দিতে না পারলে জাতীয় অর্থনীতি ও লাখো জেলের জীবিকা চরম হুমকির মুখে পড়বে।
বিশেষজ্ঞদের মতে, এখন কেবল কয়েক সপ্তাহের মাছ ধরা বন্ধ রাখা যথেষ্ট নয়। ইলিশের জীবনচক্র অক্ষুণ্ন রাখতে এখন প্রয়োজন শিল্পবর্জ্য অপসারণে কঠোরতা ও নিয়মিত নজরদারি, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ সচল রাখা, ইলিশ যেহেতু পরিযায়ী মাছ, তাই প্রতিবেশী দেশগুলোর সাথে অভিন্ন নদী ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জেলেদের জন্য ঋণের সুবিধা ও আধুনিক মৎস্য আহরণ প্রযুক্তির সমন্বয়।
তথ্যসূত্র: মৎস্য অধিদপ্তর, সাউথইস্ট এশিয়ান ফিশারিজ ডেভেলপমেন্ট সেন্টার (সিফডেক), ও সংশ্লিষ্ট জলবায়ু বিষয়ক গবেষণা প্রতিবেদনসমূহ।
নিউজ নাউ বাংলা/কেএ/ জেডআরসি/ ০২ জুলাই ২০২৬



