সুপ্রিম কোর্ট বারের নতুন সভাপতি খসরু আর সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী মো: রুহুল কুদ্দুস কাজল।
বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার রাতে এ ফল ঘোষণা করা হয়।
৭৭৫ ভোটে সভাপতি পদে মতিন খসরু হারিয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের মো: ফজলুর রহমান খানকে। অপরদিকে রুহুল কুদ্দুস কাজল ৯৮২ ভোটে হারিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আবদুল আলীম মিয়া জুয়েলকে।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অবরসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের নেতৃত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ভোট গণনা শুরু হয়।
বুধ ও বৃহস্পতিবার উত্সবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট দেন আইনজীবীরা।
নির্বাচনে ৭ হাজার ৭২২ ভোটারের মধ্যে ৫ হাজার ৪৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন। সুপ্রিম কোর্ট বার ভবনে ১০০টি বুথে ভোটগ্রহণ করা হয়। বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে।
নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মো: ফজলুর রহমান, দুই সহ-সভাপতি পদে জালাল আহমেদ ও জয়নাল আবেদিন তুহিন, সম্পাদক মো: রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব, দুই সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম।
এছাড়া নীল প্যানেলে সদস্য পদে প্রার্থিতা করেন গোলাম আক্তার জাকির, মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদ।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, দুই সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা এবং মো: আলী আজম, সম্পাদক আবদুল আলীম মিয়া জুয়েল, কোষাধ্যক্ষ ড. মো: ইকবাল করিম, দুই সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি ও নুরে আলম উজ্জ্বল।
এছাড়া সদস্য পদে সাদা প্যানেলের নির্বাচন করছেন মিন্টু কুমার মন্ডল, মুনতাসীর উদ্দিন আহমেদ, মো: সানোয়ার হোসেন, এবিএম শিবলী সালেকীন, মো: সিরাজুল হক, মহিউদ্দিন আহমেদ ও মাহফুজুর রহমান রোমান।



