সুবিধাভোগীদের কমিশনে নিয়োগ না দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের

সরকারের সুবিধাভোগীরা যাতে নির্বাচন কমিশনে নিয়োগ না পায়, সার্চ কমিটিকে সে আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের বৈঠক শেষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপকড. আসিফ নজরুল সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমাদের সবারই বক্তব্য ছিল, নির্বাচন কমিশনে যারা সুযোগ পাবেন তারা যেন পূর্বে কোনো সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হন। বলেন, ‘বিশেষ সুবিধা বলতে, যারা বিভিন্ন সরকারের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বা সরাসরি সরকারের ঘনিষ্ঠ লোক বলে পরিচিত এমন কাউকে বোঝানো হয়েছে।’
বৈঠকে একই মতামত দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তিনি বলেন, কোনো দলীয় সরকারের অধীনে সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যেন নির্বাচন কমিশনে স্থান না পান, সেই সুপারিশ করেছি। আমার এ দাবির সঙ্গে অনেকেই সমর্থন জানিয়েছেন।
এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম বলেন, মতামত দেয়া হয়েছে যে, যারা আসবেন দায়িত্বে, তারা যেন সৎ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হন।
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, সৎ, যোগ্য, বিতর্কের ঊর্ধ্বে থাকা ব্যক্তিরা যেন দায়িত্ব পান। মুক্তিযুদ্ধের বিপক্ষের কাউকে নেওয়া যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং রাজনৈতিক দলের সুবিধাভোগী, এমন কাউকে যেন ইসি হিসেবে নিয়োগ না দেওয়া হয় সে প্রস্তাব করেছি। তবে, মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থি কেউ যাতে ইসি হিসেবে নিয়োগ না পান, তাও নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে।
এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ বৈঠকে ২০ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত হন ১৪ জন।
উল্লেখ্য, ইসি নিয়োগের জন্য মোট ৬০ জন বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে বৈঠক করবে অনুসন্ধান বা সার্চ কমিটি।
গত ৫ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে দিতে হবে।
আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ।



