স্বাধীন বাংলা ফুটবল দলের আবদুল হাকিম আর নেই

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়ার শেখ আবদুল হাকিম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (২৮ আগস্ট) ভোরে বার্ধক্যজনতি কারণে, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সাবেক এই ফুটবলারের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি মৃত্যুকালে এক ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন।
বাংলাদেশের ইতিহাসে অনেক বড় জায়গা দখল করে আছে স্বাধীন বাংলা ফুটবল দল। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে জনমত গঠনের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য আর্থিক সাহায্য গড়ে তুলতে ভারতের বিভিন্ন জায়গায় প্রদর্শনী ম্যাচ খেলেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলের ফুটবলার শেখ আবদুল হাকিম।
আবদুল হাকিম মৃত্যুর আগে পরিবারের সঙ্গে যশোরে বাস করতেন। সেখানে বেশ কয়েক বছর ধরে অসুস্থতাকে সঙ্গী করে ছিলেন তিনি। কয়েক বছর আগে ব্রেইন স্ট্রোক করলে একটি চোখ প্রায় নষ্ট হয়ে যায় তার। এ ছাড়া মৃত্যুর আগে কয়েক মাস কথাও বলতে পারতেন না।



