বাংলাদেশ

দুই দেশের সরকার সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছেন: দোরাইস্বামী

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত-বাংলাদেশ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, বর্তমানেও দুই দেশের সরকার সম্পর্ক উন্নয়ন করে আরও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন বলা জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে, টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালের জন্য ভারত সরকারের উপহার একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী অক্সিজেন সিলিন্ডার ও শ্বাস-প্রশ্বাস সহায়ক সরঞ্জাম হস্তান্তর এবং পূজামণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসায় সহযোগিতাসহ ভারত-বাংলাদেশ সুসম্পর্ক চমৎকারভাবে বিদ্যমান রয়েছে। দুই দেশের অর্থনৈতিক উন্নয়নসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আরও জোরদার করা হচ্ছে। হিংসা-বিদ্বেষ ভুলে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে তিনি বলেন, ‘এ দেশের সব ধর্মের মানুষ শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশে আনন্দ উপভোগ করেন, যা সত্যিই একটি বিরল দৃষ্টান্ত। আমার বিশ্বাস দেবী-দুর্গার জ্ঞান আমাদের আলোর পথ দেখাবে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শ নির্ধারিত হয়েছে এবং যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশর জনগণের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।’

এ সময় তার স্ত্রী সঙ্গিতা দোরাইস্বামী, ভারতীয় হাই কমিশনারের কর্মকর্তা, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহম্মদ, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এসএম আবু মুসা, টাঙ্গাইল ডিবি দক্ষিণের ওসি মো. দেলোয়ার হোসেন, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) মিস প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়সহ কুমুদিনী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button