১৭ আগস্ট শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১৭ আগস্টে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।
তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরী বোর্ডের এইচএসসি /আলিম/এইচএসসি (বিএম/বিএমটি/) এইচএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা) পরীক্ষা হবে।
মোট ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন ছাত্র ও ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী।
মোট ৯ হাজার ১৬৯ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৫৮ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। মোট ৯ টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। এর মধ্যে, ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন ছাত্র ও ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ছাত্রী। ৪ হাজার ৬৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১ হাজার ৫৩৫ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। আলীম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ হাজার ৩১ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী। মোট শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮ টি এবং মোট কেন্দ্র ৪৪৯ টি। কারিগরী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ছাত্র ও ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৮৩৪ এব্ং মোট কেন্দ্র ৬৭৪ টি।
গতবছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন। মোট প্রতিষ্ঠান কমেছে ১২ টি এবং মোট কেন্দ্র বেড়েছে ৯ টি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হচ্ছে। এ কারণে আগামী ৯ ও ১০ আগস্ট বান্দরবান,খাগড়াছড়ি,কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ থাকবে।



