অনেক ভেবেচিন্তেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি : সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গত ২১ মার্চ সোনম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন।
সম্প্রতি সোনম এক সাক্ষাৎকারে বলেছেন যে, অনেক ভেবেচিন্তে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার স্বামীর সঙ্গে আলোচনা করে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন।
এ প্রসঙ্গে এই বলিউড তারকা বলেছেন, ‘আমি আর আনন্দ সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিয়ের প্রথম দুই বছর দুজনে দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করব। আর তার পরের দুই বছরের মধ্যে আমরা সন্তান নেওয়ার চেষ্টা করব। আমি মনে করি, মা হওয়া অনেক বড় আশীর্বাদ।’
সোনম আরও বলেছেন, ‘আমি মনে করি, সন্তান নেওয়ার এটা সঠিক সময় ছিল। এই মে মাসে আমাদের বিয়ের চার বছর হবে। তাই গত দুই বছর আমরা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছি। একে অপরের সঙ্গ উপভোগ করেছি। আর তারপর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
নিজের নতুন অধ্যায় সম্পর্কে সোনম বলেছেন, ‘প্রতিটা দিন নতুন নতুন চ্যালেঞ্জ নিচ্ছি। আর এটা জীবনের এক কঠিন অধ্যায়। এই সময়ে আপনার শরীরে প্রতি সপ্তাহে, প্রতিদিন কিছু না কিছু বদল আসে। আর নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। কখনো ঠিকমতো ঘুমাতে পারি না। আবার কখনো টানা ১০-১২ ঘণ্টা ঘুমাচ্ছি। আর কেউ আমাকে জাগিয়ে তুলতে পারছে না।’



