স্পোর্টেইনমেন্ট

জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব

জুলাই মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে মে মাসের সেরা নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহীম।

বুধবার এক বিবৃতিতে জুলাই মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি।

জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত পারফরমেন্সে সাকিব পেছনে ফেলেছেন, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে।

এ মাসে সাকিব তিনটি ফরম্যাটেই সমান সফল ছিলেন। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই সিরিজ জয় করে নিতে পেরেছে।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাকিব দারুণ খেলেছেন। ওয়ানডে সিরিজে অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংসসহ করেছিলেন ১৪৫ রান। পাশাপাশি সে সিরিজে ৮ উইকেটও নিয়েছিলেন তিনি। ওভারপ্রতি ৭ রান খরচ করে টি-টোয়েন্টি সিরিজে সাকিব নিয়েছিলেন ৩ উইকেট।

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টেও বোলিংয়ে সফল ছিলেন সাকিব। প্রথম ইনিংসে ৮২ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট।

মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর সাকিব এক প্রতিক্রিয়ায় আইসিসি-ক্রিকেট.কমকে বলেন, ‘আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলাম, এটা আমার জন্য সত্যি অনেক গর্বের একটি বিষয়। এই মাসে বেশ কিছু ভালো পারফরম্যান্স ছিল আমার। এ কারণেই এই পুরস্কারটা আমার জন্য স্পেশাল।’

সাকিব আরো বলেন, ‘যখন দলের জয়ে আমি কোনো ভূমিকা রাখতে পারি, তখন নিজের মধ্যে অনেক সুখের একটা অনুভূতি হয়, অনেক ভালোলাগাও কাজ করে। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি সত্যিই খুশি।’

এছাড়া, জুলাই মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন স্টেফানি টেলর। জুলাই মাসে পাকিস্তানের বিপক্ষে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এবং অধিনায়ক স্টেফানি টেলর।

Related Articles

Leave a Reply

Back to top button