শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

শততম বর্ষে পদার্পণ করলো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৯২১ সালের এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। সে সময়কার ঢাকার সবচেয়ে অভিজাত ও সৌন্দর্যমণ্ডিত রমনা এলাকায় প্রায় ৬০০ একর জমির উপর পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ সরকারের পরিত্যক্ত ভবনসমূহ ও ঢাকা কলেজের (বর্তমান কার্জন হল) ভবনসমূহের সমন্বয়ে মনোরম পরিবেশে গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়।
করোনাভাইরাস সংক্রমণের কারণে সীমিত পরিসরে দিবসটি উদযাপিত হবে। দিবসটি উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা ১১টায় অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন ভার্চ্যুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আলোচনা সভা।
এতে জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম ‘শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ: আন্দোলন ও সংগ্রাম’ শিরোনামে মূল বক্তব্য প্রদান করবেন।
এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, প্রাক্তন দু’জন উপাচার্য, দু’জন ডিন, একজন প্রভোস্ট, একজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাবি শিক্ষক সমিতিসহ অন্যান্য সমিতির পক্ষ থেকে নেতারা সংযুক্ত হবেন।
তিন অনুষদ ও ১২ বিভাগ নিয়ে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদ, ১৩টি ইনস্টিটিউট, ৮৪টি বিভাগ, ৬০টি ব্যুরো ও গবেষণা কেন্দ্র এবং ছাত্র-ছাত্রীদের ১৯টি আবাসিক হল, ৪টি হোস্টেল ও ১৩৮টি উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউট রয়েছে।
এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৬ হাজারের অধিক। পাঠদান ও গবেষণায় নিয়োজিত রয়েছেন দুই সহস্রাধিক শিক্ষক।



