২০২০ হত্যা-ধর্ষণ-দুর্নীতির বছর: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২০২০ সালকে শুধু বিএনপির জন্য নয়, গোটা পৃথিবীর জন্য একটা খারাপ বছর বলে উল্লেখ করেছেন ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এ বছরে ডিজিটাল আইনে অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, ধর্ষণ এ বছরে সবচেয়ে বেশি বেড়েছে, দুর্নীতি সবচেয়ে বেশি বেড়েছে। সেইসাথে জনগণের অধিকার হরণ এই বছরেই সবচেয়ে বেশি হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘নতুন বছরে দেশের জনগণের যে অধিকার তা ফিরিয়ে দিতে পারবো বলে আমরা অবশ্যই প্রত্যাশা করি। সেইসাথে প্রত্যাশা করবো, জনগণও তাদের অধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশে করোনা ভাইরাস আসার পরে কয়েকটি জিনিস খুব পরিষ্কার হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এখানকার স্বাস্থ্যব্যবস্থা সবচেয়ে ভঙ্গুর। এখানে সরকারি যে স্বাস্থ্যব্যবস্থা রয়েছে সেটি সবটাই দুর্নীতি দিয়ে ভরা। সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার যে সুযোগ এটি এখানে সবচেয়ে কম।’



