গৃহায়ন প্রকল্প-হাউজিং প্রজেক্ট বন্ধের নির্দেশ তাপসের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, অনুমতি ছাড়া গড়ে ওঠা সকল গৃহায়ন প্রকল্প-হাউজিং প্রজেক্ট বন্ধের নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, ভূমি দস্যুদের দ্বারা ঢাকা শহর আগ্রাসনের শিকার, তা আমরা সরেজমিন পরিদর্শনের সময় দেখেছি। সেই সঙ্গে নির্দেশনা দিয়েছি যেন এসব বন্ধ করা হয়। করপোরেশনের অনুমতি ছাড়া গড়ে ওঠা সকল গৃহায়ন প্রকল্প-হাউজিং প্রজেক্ট বন্ধ করে দিতে হবে।
বলেন, মশার ওষুধ বা কীটনাশকের মান যেন ঠিক থাকে সেজন্য আমরা বারবার পরীক্ষা করি। বেশি দিন ধরে যদি একটি কীটনাশক বারবার ব্যবহৃত হয়, তাহলে সেটা মশার জন্য সহনশীল হয়ে যায় জানিয়ে মেয়র বলেন, এজন্য আমরা কীটনাশক পরিবর্তন করে দিচ্ছি, ইতিমধ্যে নতুন কীটনাশক আমদানি করেছি। আগামী দুই সপ্তাহ পর থেকে নতুন কীটনাশক ব্যবহার করা হবে। আমরা আশাবাদী আগামী দুই সপ্তাহ পর থেকে এখন যে অবস্থায় আছে তারচেয়ে আরও বেশি নিয়ন্ত্রণে আনা যাবে।
তাপস বলেন, অন্য যেকোনও সময়ের চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশক নিয়ন্ত্রণে রয়েছে। শীত মৌসুমে যেহেতু পানির প্রবাহ কমে যায়, তাই কিউলেক্স মশা বৃদ্ধি পায় এই সময়। আমরা আশাবাদী আমরা যে পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করছি এই কারণেও আগামীতে মশক কমে যাবে।



