বিশ্ব

ইয়েমেনে সরকারি বাহিনী-বিদ্রোহী সংঘর্ষ, নিহত ৯০

অন্তত ৯০ জন নিহত হয়েছেন, সৌদি জোটের আগ্রাসন ও গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে। খবর বার্তা সংস্থা এএফপি।

সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এ রক্তপাতের ঘটনা ঘটেছে। এছাড়াও এতে কয়েক ডজন লোক আহত হয়েছেন।

গত মাসে দেশটির তেল-সমৃদ্ধ মারিব অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে অভিযান চালায় শিয়া বিদ্রোহীরা।

এএফপিকে একটি সূত্র জানিয়েছে, প্রদেশটিতে সংঘর্ষে সরকারি বাহিনীর ৩২ যোদ্ধা নিহত হন। আর সৌদি জোটের বিমান হামলায় ৫৮ হুতি বিদ্রোহীর প্রাণহানি ঘটে। মারিব শহরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাসারায় হুতিরা অগ্রসর হতে পারলেও সরকারি বাহিনী পাল্টা হামলা চালায়। সেখানকার অন্তত ছয়টি ফ্রন্টে দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়েছে।

মারিব অঞ্চলের নিয়ন্ত্রণ হারানো ইয়েমেনি সরকারের জন্য বড় ধাক্কা। এতে সাধারণ মানুষের জীবনে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ লড়াইয়ে হাজার হাজার অধিবাসী ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছেন। তারা মরুভূমির বিচ্ছিন্ন ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছেন।

হুতিদের এই অগ্রগতি প্রতিবেশী সৌদি আরবের জন্যও বিপত্তির কারণ হয়ে দেখা দেবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দেখা গেছে ইয়েমেনি বিদ্রোহীদের। শুক্রবার হুতিদের নিক্ষেপ করা কয়েকটি ড্রোন সৌদি আটকে দিতে পারলেও তাদের দুজন নাগরিক আহত হয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button