ঘরে ঘরে খাবার পৌছে দিতে প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালু করা হবে: প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের এই দু:সময়ে সবার ঘরে ঘরে খাবার পৌছে দিতে প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালু করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৫ এপ্রিল)প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ভান্ডারে অনুদানের চেক গ্রহণের সময় ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য অনেকে শুধু সমালোচনাই করে যাচ্ছেন, তারা মানুষকে কোন সাহায্য করছে না। তাদের বলবো, কথা না বলে মানুষের পাশে দাঁড়ান। সরকার তার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। এ সময় বিত্তবানদের প্রতি অনুরোধ করেন, তারা যেন ভীড় এড়িয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে ত্রাণ বিতরণ করেন।
তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে, সেজন্য আগাম ব্যবস্থা হিসেবে প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছে সরকার৷ ত্রাণের সুবিধা যাতে প্রত্যেকেই পায়; সেই সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা৷
সেসঙ্গে, ত্রাণ নিয়ে কোন ধরনের দুর্নীতি হলে, যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আবারো কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সবাই যেন স্বাভাবিক ভাবে ব্যবসা- বাণিজ্য করতে পারে সেজন্য তিন বছর মেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।



