বাংলাদেশ

রায়ে আমৃত্যু উল্লেখ না করলে যাবজ্জীবন ৩০ বছর

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, রায় দিয়েছেন যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ । তবে ক্ষেত্র বিশেষ ৩০ বছরের সাজাও বিবেচিত হতে পারে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বহুল আলোচিত এ রায় ঘোষণা করেন।

সাভারের এক হত্যা মামলায় ‘যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস’ বলে আপিল বিভাগের মতামতের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে আজ সর্বোচ্চ আদালত এ রায় দিলেন।

রায়ে বলা হয়েছে, প্রাথমিকভাবে যাবজ্জীবন অর্থ সাজাপ্রাপ্ত ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হওয়া পর্যন্ত সময়কে বোঝায়। তবে দণ্ডবিধির ৪৫ ও ৫৩ ধারা যদি দণ্ডবিধির ৫৫ ও ৫৭ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৩৫(এ) এর ধারার সঙ্গে মিলিয়ে পড়া হয় সেক্ষেত্রে যাবজ্জীবন অর্থ ৩০ বছর বিবেচনা করতে হবে।

আদালত রায়ে আরও বলেন, তবে, যদি কোনও ক্ষেত্রে আদালত যাবজ্জীবন মানে আমৃত্যু বা স্বাভাবিক মৃত্যু না হওয়া সময় পর্যন্ত উল্লেখ করে দেন সেক্ষেত্রে এবং যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে যাবজ্জীবন ৩০ বছরের বিধান প্রযোজ্য হবে না।

রায়ের ব্যাপারে আইনজীবী মো. শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যাবজ্জীবন সাজা ৩০ বছর ধরে হিসাব করতে হবে। তবে কোনও ব্যক্তিকে যদি আদালত বা ট্রাইব্যুনাল আমৃত্যু কারাবাসের আদেশ দিয়ে থাকেন সেক্ষেত্রে তিনি কোনও বেনিফিট পাবেন না।’

Related Articles

Leave a Reply

Back to top button