শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়লো

১৬ জানুয়ারি পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও এক দফা ছুটি বাড়িয়েছে সরকার। করোনা ভাইরাস মহামারির কারণে এ সিদ্ধান্ত নেয় সরকার, তবে কওমি মাদরাসাগুলো এ ছুটির আওতায় থাকবে না।
শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় এ ছুটি বাড়ানো হয়েছে। কওমি মাদরাসা ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।’
গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছিলেন, ‘এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়ানোর বিকল্প নেই।’
এ নিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে ছুটি বাড়াতেই হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেয়া হবে।’
এর আগে গত ১২ নভেম্বর শিক্ষামন্ত্রণালয়ের এক ঘোষণায় ১৯ ডিসেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছিল।



