ভূরাজনীতি

সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থ নির্ভর: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থ নির্ভর।

বুধবার (১১ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাকরাইল মিলনায়তনে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত, ১৫ আগস্টের শোক দিবসের আলোচনায় একথা বলেন সেতুমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই। ভোরের আকাশে লাল রক্ত দেখা দেয়। পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল অতুলনীয়। এটাই সবচেয়ে বর্বর, নির্মম হত্যাকাণ্ড।

তিনি বলেন, স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস আমরা এখনও পাইনি। স্বাধীনতার বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ ইতিহাস নতুন প্রজন্মের দাবি, সময়ের দাবি।

সরকার আমলা নির্ভর হয়ে পড়েছে- সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি বলতে চাই, আমাদের সবকিছুই এখনও এক যায়গায় আছে। সরকার-রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয়, আমলারা বাস্তবায়ন করেন। এ সরকার আমলা নির্ভর নয়, গণমুখী ও জনস্বার্থ নির্ভর।

পদ্মা সেতুতে বারবার ফেরির আঘাতের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ফেরির ধাক্কা বার বার কেন? এক বার নয় দুই বার নয় চার চার বার। অদক্ষতার জন্য চালককে শাস্তি দিলেন। চাকরিচ্যুত করলেন। চালকের অদক্ষতা না-কি নাশকতা তা খতিয়ে দেখতে হবে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বার বার এ ঘটনা কেন ঘটবে? আমাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার। এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্র ছিলো, তা এখনও শেষ হয়নি।’

ওবায়দুল কাদের বলেন, মনে রাখতে হবে স্থায়ী লকডাউন কোনো সমাধান নয়, যদি আমরা সচেতন না হই। সচেতন হয়ে অদৃশ্য শত্রু করোনাভাইরাসকে মোকাবিলা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। এর জন্য গণটিকা সফল করা প্রয়োজন।

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে প্রথম রাজনৈতিক হত্যার শিকার জুলিয়াস সিজার। শেক্সপিয়ার এই হত্যাকান্ডকে যেভাবে বর্ণনা করেছেন ১৯৭৫ এর ১৫ আগস্টের পর তিনি যদি জীবিত থাকতেন তাহলে সেক্স পিয়ার বলতেন পৃথিবীর সবচেয়ে জঘন্য, মর্মান্তিক হত্যাকান্ড হিসেবে বঙ্গবন্ধু হত্যাকান্ডকে অভিহিত করতেন।

Related Articles

Leave a Reply

Back to top button