রাত ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণের আশা সেনাবাহিনীর

আজ রাত ১০টার মধ্যে, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে সৃষ্ট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী।
রোববার (৫ জুন) বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জয়নাল আবেদীন গণমাধ্যমের কাছে এ আশা প্রকাশ করেন।
মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন, আগুন যতক্ষণ নিয়ন্ত্রণে আসবে না, ততক্ষণ ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। আশা করা যায় আজ রোববার রাত ১০টার মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।
তিনি আরও বলেন, অন্ধকার হয়ে গেলে এখানে লাইটার দিয়ে আলোকিত করা হবে। আশা করছি এখান থেকে আর কোনো আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটবে না।
মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন, সেনাবাহিনীর সদস্যরা কনটেইনার ডিপোর আশপাশে থাকা খাল, ড্রেনে বাঁধ দিয়েছেন। রাসায়নিক ছড়িয়ে পড়া পানি আর বঙ্গোপসাগরে পড়ার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডিপোতে আমদানি-রপ্তানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার ছিল। ডিপোর কনটেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে সেগুলোতেও বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় হতাহত হয়েছে বেশি। এখন পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এ ছাড়া আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।



