ভূরাজনীতি

বিএনপিকে ‘জয়ের নিশ্চয়তা’ দিলেই ইসি নিরপেক্ষ-ভালো: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমেরিকার নির্বাচন থেকে শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধী দলেরও শেখার রয়েছে অনেক কিছু। দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

তিনি বলেন বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ও ভালো। বিএনপিকে জয়ী করাই কমিশনের মূল দায়িত্ব হবে! বিএনপি পরাজিত হলে দায় চাপায় সরকার, কমিশন ও নির্বাচন ব্যবস্থার ওপরে।’

সেতুমন্ত্রী বলেছেন, ‘শেখ হাসিনা সরকার জনগণের মনের ভাষা বুঝতে পারে, দ্রুত রেসপন্স করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশরত্ন শেখ হাসিনার অবস্থান জনগণের মনের মণিকোঠায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশের রাজনীতিতে ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় ও জনঘনিষ্ট রাজনীতিবিদের নাম শেখ হাসিনা।  জনগণের মনের ভাষা ও চোখের ভাষা বুঝতে পারেন বলেই তিনি আজ এত জনপ্রিয়। দেশের রাজনীতিতে জনঘনিষ্ট কোনো ইস্যুতে সবার আগে তিনিই রেসপন্স করেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে। বিএনপি জনগণের মনের ভাষা বুঝতে পারাতো দূরের কথা, নিজ দলের নেতাকর্মীদেরই মনের ভাষা বুঝতে পারে না।’

Related Articles

Leave a Reply

Back to top button