বাংলাদেশবিশ্ব

বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আরও বাড়ল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশটি। ইতালি গতকাল রবিবার এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায়। করোনার ভারতীয় ধরনের ব্যাপারে চলমান পূর্বসতর্কতার অংশ হিসেবেই দেশটি এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল। খবর বার্তা সংস্থা এএফপি।

গত এপ্রিল মাসের শেষ দিকে ইতালি এ ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ গতকাল শেষ হওয়ার কথা। কিন্তু এখন নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হলো। তবে ইতালির আরোপ করা এ নিষেধাজ্ঞা দেশটির নাগরিকদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালির নাগরিকেরা সে দেশে যেতে পারবেন।

ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভারতে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনটি ‘বি.১.৬১৭’ নামে পরিচিত। গত বছর ভারতে করোনার এ ধরন শনাক্ত হয়। ভারতে করোনার সংক্রমণের ‘বিস্ফোরণের’ জন্য নতুন এ ধরনকে অনেকাংশে দায়ী করা হয়।

করোনার ভারতীয় ধরনটি অতি সংক্রামক। এ ধরন দ্রুত ছড়ায়। ইতিমধ্যে বিশ্বের অন্তত ৬০টি দেশ-ভূখণ্ডে করোনার ভারতীয় ধরন ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনার ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করেছে ডব্লিউএইচও।

Related Articles

Leave a Reply

Back to top button