পদ্মাসেতু উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে তৎকালীন যোগাযোগ মন্ত্রী ও সেতু সচিব

সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ পদ্মা সেতুর নির্মাণ পরিকল্পনায় যারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির অভিযোগে যোগাযোগ মন্ত্রীর পদ থেকে সরে যাওয়া আবুল হোসেন ও সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
এর আগে সুধী সমাবেশে দেওয়া বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা পর্যায়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়। সেই অপবাদ সহ্য করেছে আমার ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক, আমার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, আমার অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ কয়েকজন সহকর্মী। তারা চরম মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলেন। আমি তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।
এরপর বেলা সাড়ে ১১টা দিকে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে টোল দেন প্রধানমন্ত্রী।
এরপর ১১ টা ৫২ তে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের জন্য এগিয়ে যান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, সেতু সচিব মোশাররফ হোসেন ভুইয়া ছিলেন। এছাড়াও ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
১১.৫৮ তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় পদ্মাসেতুর। তখন পুরো পদ্মাসেতুতে বর্ণিল আলোকচ্ছটা ছড়িয়ে পড়ে। এ সময় প্রধানমন্ত্রী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাথে ছবি তোলেন। সেসঙ্গে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে ভিডিও কল দিয়ে কথা বলেন।
এ সময় বিমান বাহিনীর ৫ টি পতাকাবাহী হেলিকপ্টার থেকে আবীর ছড়িয়ে দিয়ে, উদ্বোধনী এ আয়োজনের আনন্দ আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়।



