তাসকিনের আইপিএল খেলায় আপত্তি নেই বিসিবির

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘তাসকিনের আইপিএল খেলা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেটা অবশ্যই সিরিজের মাঝপথে নয়।
মঙ্গলবার (২২মার্চ) নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ কথা বলেন।
বিসিবি সভাপতি আরো বলেন, সিরিজের মাঝপথে আইপিএলের জন্য উড়াল দেওয়ার কোনো সুযোগ নেই কারোরই। সে কারণে এখন আইপিএলে যাওয়া হয়নি তাসকিনের। তবে চলতি সিরিজ শেষে চাইলে তাসকিন আইপিএলে খেলতে যেতে পারবে।
মিরপুরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বিসিবি সভাপতি পাপন তাসকিনের আইপিএল খেলা নিয়ে বলেন, ‘তাসকিনের আইপিএল খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। তবে সিরিজের মাঝপথে সেটি সম্ভব না।’
সম্প্রতি, আইপিএলে ইংলিস পেসার মার্ক উডের ইনজুরির কারণে, প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সুযোগ এসেছিল তাসকিন আহমেদের সামনে। বিসিবি থেকে জানানো হয়েছে, এখন আইপিএলে যাচ্ছেন না এই টাইগার পেসার।
পরবর্তীতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ইনজুরিতে পড়া মার্ক উডের বদলি হিসেবে তাসকিন নয় বরং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে। এর একদিন পর আজ (২২ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, তাসকিনের আইপিএল খেলায় কোনো আপত্তি নেই তাদের।



