বাংলাদেশ

কামাল লোহানী করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী । তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চেষ্টা করছে পরিবার।

শুক্রবার (১৯ জুন) সকালে তার পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বলেন, গত বুধবার সকালে বাবাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ফলাফলে করোনা পজিটিভ আসে।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতমাসেও তাকে একবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

২০১৫ সালে একুশে পদক পান কামাল লোহানী। তিনি ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন।

কামাল লোহানী বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক। কামাল লোহানী নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভাষা আন্দোলন ও একাত্তরের স্বাধীনতা যুদ্ধের একজন চাক্ষুষ সাক্ষী।

কামাল লোহানী দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন কামাল লোহানী।

Related Articles

Leave a Reply

Back to top button