
নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল প্রকাশ্যে বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ২২০টি রنگ জাল ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
জব্দ করা জালের আনুমানিক মূল্য ৬৮ লাখ টাকা। সোমবার (২৪ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদুল হাসানের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান শিমুল। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে উন্মুক্ত স্থানে জাল বিক্রির সঙ্গে জড়িত অধিকাংশ বিক্রেতা জাল ফেলে পালিয়ে যান।
এ সময় একজন জাল বিক্রেতাকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মাধবদী বাজার থেকে ২২০টি রিং জাল ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল মাধবদী বাজারের উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. মরিয়ম আক্তার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান শিমুল বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রি রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

