সর্বশেষসারাদেশ

রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ সনদে পানি ও কেক উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী মহানগরীতে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন না করেই ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অভিযোগে রোজ পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণের অভিযোগে একই এলাকার শোয়াইব সিফাত বেকারীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button