
ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন ৬৯ বছর বয়সী এক নারী। জীবনের শেষ দিনগুলোও কেটেছে সাধারণভাবেই। তবে মৃত্যুর পর তার বাড়ি ও ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল বিপুল পরিমাণ সঞ্চয়। সব মিলিয়ে ওই নারীর জমানো অর্থের পরিমাণ প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।
ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের মান্ডিয়া অঞ্চলে। স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই নারীর নাম নূর। তিনি মান্ডিয়ার ইস্ট থানা এলাকার গুট্টালু রোডের সবদারিয়াবাদ মহল্লায় বসবাস করতেন। নূর দীর্ঘদিন ধরে রাস্তায় ও বিভিন্ন ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করতেন। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি পরিচিত ছিলেন একজন ভিক্ষুক হিসেবে।
দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন তিনি। গত ১৯ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় নূরের মৃত্যু হয়। তার মৃত্যুর পর স্থানীয় বাসিন্দা ও স্বজনরা মিলে শেষকৃত্য সম্পন্ন করেন। এরপর তার বাড়িতে থাকা জিনিসপত্র গোছানোর সময় একটি ব্যাগে বিপুল পরিমাণ মুদ্রা পাওয়া যায়। নূর ভিক্ষা করে পাওয়া টাকা-পয়সার একটি অংশ নিয়মিত ওই ব্যাগে জমিয়ে রাখতেন বলে জানা যায়।
ব্যাগে থাকা মুদ্রাগুলো গণনার পাশাপাশি তার ব্যাংক অ্যাকাউন্টের অর্থও হিসাব করা হয়। সব মিলিয়ে পাওয়া যায় ৮ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা। জীবিত অবস্থায় নূর সাধারণ জীবনযাপন করলেও তার মৃত্যুর পর এত অর্থের সন্ধান পাওয়ায় স্থানীয়দের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, নূরের মৃত্যু স্বাভাবিক হওয়ায় এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
তার সঞ্চিত অর্থের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনাটি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে—দীর্ঘদিন ভিক্ষা করে সামান্য সামান্য করে জমাতে জমাতে একজন মানুষের সঞ্চয়ের পরিমাণ কতটা বড় হতে পারে, নূরের ঘটনাটি যেন তারই একটি বিস্ময়কর উদাহরণ।