Monday, 28 September 2026 Breaking News
সায়মা হত্যায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

সায়মা হত্যায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

9 March 2020 · বাংলাদেশ

রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে (০৬) ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলার একমাত্র আসামি হারুনুর রশিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (০৯ মার্চ) ঢাকার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় দেন। চলতি বছরের ২ জানুয়ারি সায়মা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়, যা শেষ হয় ১৯ ফেব্রুয়ারি। এরপর গত ২৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষে যুক্তিতর্কের জন্য ৫ মার্চ দিন রাখেন আদালত। সেদিন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করেন। রায়ের সময় মামলাটির একমাত্র আসামি হারুনুর রশিদ আদালতে উপস্থিত ছিলেন। ২০১৯ সালের ৫ জুলাই সন্ধ্যার পর থেকে শিশু সায়মার খোঁজ পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ারীতে বনগ্রামের খালি ফ্ল্যাটের নবম তলায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় গলায় রশি প্যাঁচানো, মুখ বাঁধা ও রক্তাক্ত অবস্থায় ছিল সে। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরদিন সায়মার বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার একমাত্র আসামি হারুনুর রশিদ ওই বাড়ির অষ্টম তলায় খালাতো ভাই পারভেজের বাসায় থাকতেন। ওইদিন আটতলায় পারভেজের মেয়ের সঙ্গে খেলতে যায় সায়মা। সেই সময়েই ৬ বছরের শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে নবম তলায় ফেলে রেখে আসেন হারুনুর রশিদ।