Monday, 28 September 2026 Breaking News
ঝড়ে মোবাইল টাওয়ার, মসজিদ, গাছ-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ঝড়ে মোবাইল টাওয়ার, মসজিদ, গাছ-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

28 April 2026 · বাংলাদেশ

আমিরজাদা চৌধুরী , ব্রাহ্মণবাড়িয়া ➤➤ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ে একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় ওই এলাকায় ব্যাহত হচ্ছে মোবাইলফোন ও ইন্টারনেট সেবা।

স্থানীয়রা জানান, সকাল ৮টা থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের কারণে তিনলাখপীর বাস স্ট্যান্ডের কাছে একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মোবাইল ফোন গ্রাহকরা।

➤➤ বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

এ ছাড়া ঝড়ের সময় কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। এতে করে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

একই উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর বাজারের সড়কে একটি গাছ উপড়ে পড়ে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদে গাছ পড়ে মসজিদের একাংশ ভেঙে গেছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, মঈনপুর বাজারের বৈদ্যুতিক খুঁটিটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়া বাদৈর বাজারের সড়ক থেকেও ভেঙে পড়া গাছ সরানোর চেষ্টা চলছে।

➤➤ সংরক্ষিত নারী আসনে ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা

উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। কসবা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে টিনের ঘরবাড়ি।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ‌২৮ এপ্রিল ২০২৬