গ্রিসে কার্গো প্লেন বিধ্বস্ত

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রিসের উত্তরাঞ্চলের শহর কাভালার কাছে একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে।
জানা গেছে, ইউক্রেনের একটি কোম্পানির পরিচালিত অ্যান্তনভ-১২ প্লেনটি শনিবার (১৬ জুলাই) সার্বিয়া থেকে জর্ডানে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।
বিমানটিতে কতজন যাত্রী ছিল এবং কেউ বেঁচে আছে কি-না, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গ্রিসের ইআরটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, প্লেনটি ১২ টন ওজনের মালামাল বহন করছিল।
ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু রানওয়েতে পৌঁছাতে পারেননি।
বিবিসি সহ বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে আটজন আরোহী ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি যখন নিচে নামছিল, ততক্ষণে এটিতে আগুন ধরে যায়। এটি মাটিতে আঘাত করার পরে একটি বড় ধরনের বিস্ফোরণ হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, যে সাতটি ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েন করা হয়েছে কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।
ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, আমরা কার্গোটিকে বিপজ্জনক বলে বিবেচনা করছি। খবর: বিবিসি।



