বাংলাদেশ

সমাজকল্যাণ মন্ত্রী ইউনাইটেড হাসপাতালে ভর্তি

হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হওয়া সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন।

তিনি বলেন, এখন মন্ত্রী মহোদয়ের পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সেখানে পরিবারের সদস্যরা রয়েছেন।

শনিবার লালমনিরহাটের নির্বাচনী এলাকায় (কালীগঞ্জ-আদিতমারী) একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে মন্ত্রীকে গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তিনি সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক শাকিল গফুরের তত্ত্বাবধানে ছিলেন।

সেখান থেকে দুপুর দেড়টার দিকে মন্ত্রীকে ঢাকায় পাঠানোর জন্য হাসপাতাল থেকে বের করা হয়। পরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে মন্ত্রীকে রংপুর সেনানিবাস থেকে ঢাকায় নিয়ে আসে। মন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক শাকিল গফুর দুপুরে বলেছিলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি বুকে ব্যথা অনুভব করেছিলেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা নেই।

ছেলে রাকিবুজ্জামান আহমেদ বাবার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button