টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত এমপি সামাদ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী কায়েস, করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেয়ার এক মাসের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (১০ মার্চ) দুপুরে মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ‘গত ৭ মার্চ রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকেলে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।’
জানা গেছে, কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। গত রোববার তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন এবং বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সংসদ সদস্য করোনার টিকা নিয়েছিলেন। এরপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না।



