বাংলাদেশ

করোনায় চলে গেলেন সাংবাদিক আফজালুর রহমান

চ্যানেল ৯ এর সিনিয়র রিপোর্টার  মো: আফজালুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। তার মা, বাবা, এক ভাই, দুই বোন রয়েছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ রাত ৮টায় ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সর্বশেষ তিনি ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এর গবেষণা সহযোগী হিসেবে কর্মরত ছিলেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, আফজালুর রহমান গত ৩ জানুয়ারি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার কফিন রাতেই নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে।

আগামীকাল শুক্রবার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আফজালুর রহমানের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button