দুই উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা

বাংলাদেশ জাতিয়তাবদী দল (বিএনপি), সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ দুই শূন্য আসনের উপ-নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে।
সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য সেলিম রেজা এবং ঢাকা-১৮ আসনে মনোনয়ন পেয়েছেন মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘‘যদিও আমরা দেখছি যে, এসব উপ-নির্বাচন জাতীয় সংসদে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিলো তা থেকে এই নির্বাচনের কোনো পার্থক্য নেই। একইভাবে একই কায়দায় ভোট ছিনি্য়ে নিয়ে যাওয়া হয়। পার্থক্যটা হচ্ছে ওই সময়ে ২৯ ডিসেম্বর ডাকাতি করা হয়েছিলো ভোটের আগের রাত্রে, এখন আপনার এসব নির্বাচনে ভোটও হয়, ভোটারও যায় না, ঘোষণা হয় মাত্র।”
তিনি বলেন, ‘‘তারপরেও আপনারা অনেকে প্রশ্ন করবেন যে, তাহলে আপনারা কেনো যাচ্ছেন নির্বাচনে? আসলে আমরা আগেও বলেছি। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা বিশ্বাস করি যে, সরকার পরিবর্তনের একমাত্র পথ-নির্বাচনের মধ্য দিয়ে হবে।”
বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমরা বিশ্বাস করি যে, গণতন্ত্রের ন্যুনতম যেটুকু আপনাপর স্পেস পাওয়া সেই স্পেসটুকু আমাদের ব্যবহার করা প্রয়োজন। আমরা জানি যে এ নিয়ে অনেকের অনেকরকম কথাবার্তা আছে।
‘কোনো সুযোগ আমরা দিতে চাই না এই ফ্যাসিস্ট সরকারকে। যে সুযোগ নিয়ে তারা ন্যুনতম স্পেসটা সেটাও তারা নিয়ে চলে যাবে। এজন্য আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যদি একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারতেন, তাদের সাংবিধানিক যে দায়িত্ব সেটুকু যদি পালন করতেন তাহলে এই নির্বাচনগুলো একটু ভালো হওয়ার সম্ভাবনা ছিলো।”
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের ভোট গ্রহণ আগামী ১৫ নভেম্বর। দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ অক্টোবর, বাছাই ১৫ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর।
আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূণ্য হয়।



