
ভারতীয় সীমান্তে কমছে না হত্যাকাণ্ড। সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত ৬-৭ মাস সীমান্তে ‘অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড’ বেড়েছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। আগামী মাসে বিজিবি-বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক আছে। বৈঠকের আগে নতুন বিএসএফ ডিজিকে তিনি এ বিষয়ে নির্দেশনা দেবেন।’
তিনি বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। গত ৬-৭ মাস নিহতের সংখ্যা আগের চেয়ে কিছুটা বেড়েছে। এ বিষয়ে আমরা উদ্বেগ জানিয়েছি।’
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র সচিব বলেন, ‘ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। আমরা তাদের সমর্থন দিয়েছিলাম। নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে তাদের সহযোগিতা চেয়েছি।’
মাসুদ বিন মোমেন বলেন, ‘যেহেতু প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও মিয়ানমার এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে তারা অবহিত, এ বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছি। তারা রাখাইনে কিছু অবকাঠামো তৈরি করেছে যাতে প্রত্যাবাসনের পর থাকতে পারে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বুঝিয়ে রাজি করানোর আহ্বান জানিয়েছি।’
তিনি বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতির প্রেক্ষাপটে দু’দেশের মধ্যে বিমান পরিষেবা সংক্রান্ত ‘এয়ার বাবল’ চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।
তিস্তা সেচপ্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে কোনো কথা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, ‘এ বিষয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি।’
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ১৮ আগস্ট দু’দিনের সফরে ঢাকায় আসেন শ্রিংলা। ১৯ আগস্ট ঢাকা ত্যাগ করবেন তিনি।



