বিনামূল্যের শিশুখাদ্যের মোড়কে প্রধানমন্ত্রীর উপহার লেখার নির্দেশ

করোনা ভাইরাসের এ পরিস্থিতিতে বিনামূল্যে বিতরণের শিশুদের খাদ্যের প্যাকেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার লেখার নির্দেশ দিয়েছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শনিবার, শিশুখাদ্যের মোড়ক, প্যাকেট বা বস্তায় ত্রাণ সামগ্রী বিতরণ নিশ্চিতকরণ শীর্ষক এক আদেশে সব জেলা প্রশাসকদের (ডিসি) এই নির্দেশনা দেয়।
এছাড়া শিশু খাদ্য কেনার শর্তে বলা হয়েছে, সরকারি ক্রয়বিধিসহ সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও আর্থিক নিয়ম যথাযথভাবে প্রতিপালন করতে হবে। জি টু জি পদ্ধতিতে কিনে মিল্কভিটার উৎপাদিত গুঁড়ো দুধ ত্রাণ সামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
সেসঙ্গে শিশু খাদ্য হিসেবে খেঁজুর, বিস্কুট, ফর্টিফায়েড তেল, ব্রাউন চিনি, সুজি, মশুর ডাল, সাগু, ফর্টিফায়েড চাল, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট, বাদাম, মানসম্মত তৈরি খাদ্য স্থানীয়ভাবে কিনে বিতরণ করার নির্দেশনাও দেয়া হয়।
সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি কর্মহীনদের তাৎক্ষণিক মানবিক সহায়তা দিতে নগদ টাকার পাশাপাশি চাল বরাদ্দ দিয়েছে । এছাড়া বিনামূল্যে বিতরণের জন্য শিশু খাদ্য কিনতে দুই দফায় তিন কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এসব ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এর আগে মন্ত্রণালয় থেকে জারি করা সব বিধিবিধান অনুসরণ করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পাশাপাশি শিশুখাদ্য বিতরণে বাধ্যতামূলকভাবে আরও কিছু নির্দেশনা প্রতিপালনে ডিসিদের নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
নির্দেশনাগুলো হলো:
১. ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য মোড়ক, প্যাকেট বা বস্তায় বিতরণ করতে হবে।
২. মোড়ক, প্যাকেট বা বস্তার গায়ে প্রধানমন্ত্রীর সরকারি ছবিসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার লিখতে হবে।
৩.মোড়ক, প্যাকেট বা বস্তার গায়ে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্বলিত গোল সীল ব্যবহার করতে হবে।
৪. ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য উত্তোলন এবং বিতরণে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সার্বক্ষণিকভাবে উপস্থিত থাকবেন। এ ক্ষেত্রে কোনো প্রকার ব্যতয় ঘটানো যাবে না।



