ফলোআপবাংলাদেশ

প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

নতুন প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি অনুমোদন দেন বলে তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩তম প্রধান বিচারপতি। তিনি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন।

আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমধারায় হাসান ফয়েজ সিদ্দিকীর অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কুষ্টিয়ার সন্তান। তিনি জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল গফুর মোল্লা। তিনি ১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ১৯৭৪ সালে সাতক্ষীরার সরকারি পিসি কলেজ থেকে আইএসসি, পরে একই কলেজ থেকে বিএ পাস করেন। তিনি মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। এলএলবি ধানমণ্ডি ল’ কলেজ থেকে।

১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগদান করেন তিনি। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি, ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি এবং ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

Related Articles

Leave a Reply

Back to top button