৫ হাজারেরও বেশি করোনার সার্টিফিকেট দিয়েছিল রিজেন্ট: ডিবি

রিজেন্ট হাসপাতাল থেকে করোনা টেস্টের প্রায় ৫ থেকে সাড়ে ৫ হাজার সার্টিফিকেট দেয়া হয়েছে। তার মধ্যে যেসব সার্টিফিকেট টেস্ট না করে দিয়েছে সেগুলো আমরা তদন্তে খুঁজেছি । এমন তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।
বুধবার (২২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদের মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের একথা তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদ ৫দিন যাবত পুলিশ রিমান্ড ছিলেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাহেদের মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করেছে। র্যাব শুরু থেকে শাহেদের এই মামলাটি দেখছে। কি পরিমাণ করোনা টেস্টের সার্টিফিকেট প্রদান ও স্যাম্পল কালেকশন করেছে এসব বিষয়ে আমরা তদন্ত করেছি।
তিনি আরও বলেন, রিমান্ডে থাকা অবস্থায় শাহেদকে নিয়ে আমরা অভিযান করে তার দেখানো মতে অস্ত্র ও মাদক উদ্ধার করেছি। এই সংক্রান্তে পৃথক দুইটি মামলা হয়েছে। এই মামলা ডিবি তদন্ত করবে।
ডা. সাবরিনার মামলা সম্পর্কে আবদুল বাতেন বলেন, সাবরিনার মামলার তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই এই মামলার চার্জশীট দিতে পারবো।



