অনেক হয়েছে, এবার থামুন: কাদের

সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উগ্রবাদী গোষ্ঠীকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘অনেক হয়েছে, এবার থামুন। বঙ্গবন্ধু মানে এদেশের অস্তিত্ব, স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে দেশ ও সংবিধান, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা। এর পেছনে নিশ্চয় দুরভিসন্ধি আছে। দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত আছে। তাই অনুরোধ করবো, সবাই জেগে উঠুন, এসব ধর্মান্ধ, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধ করুন।’
রবিবার (০৬ ডিসেম্বর) নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননাকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ উল্লেখ করে এ ঘটনায় ‘ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শাস্তি দেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।
ভাস্কর্যবিরোধীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গায়ে পড়ে আক্রমণ করে না, তবে আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে একবিন্দুও পিছপা হয় না।
এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ধৈর্যের বাঁধ ভাঙতে দেবেন না। এখনও দলের কর্মীদের নিয়ন্ত্রণে রেখেছি, আবারও বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকবে না।’
তিনি বলেন, ‘ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশব্যাপী ধর্মীয় বিভেদ তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদেশ ও জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যের ‘অবমাননা’ দেশের চেতনার মর্মমূলে আঘাত হানা।’
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মানে এদেশের অস্তিত্ব, স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে দেশ এবং সংবিধান, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা।
বলেন,‘মুসলিম, হিন্দু, খ্রিস্টান সকলের মিলিত রক্তের স্রোতধারায় অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এ স্বাধীনতা কোনও নির্দিষ্ট বা সম্প্রদায়ের স্বার্থের কাছে জিম্মি হতে দেবো না।
এসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।



