নতুন ৭০৬ সহ মোট আক্রান্ত ১২,৪২৫, মৃত্যু ১৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন এক হাজার ৯১০ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৯৯ জন।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে, করোনা ভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৭টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৫ হাজার ৫১৩টি।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১০৭ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা এক হাজার ৭৭১ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪৩ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৯৫০ জন।



