Leadবাংলাদেশ

১৮০ দিনের ‘অগ্রাধিকার’ কাজের পরিকল্পনা তৈরি শুরু

বিএনপির নির্বাচনী ইশতেহারকে ভিত্তি করে নতুন সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে কাজ শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয়।

জানা গেছে, শাসনব্যবস্থার সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, দুর্নীতিবিরোধী কাঠামো জোরদার, বাকস্বাধীনতা ও অর্থনীতি পুনরুদ্ধারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখাও প্রস্তুত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় দ্রুততার সঙ্গে পরিকল্পনা প্রণয়নের কাজ এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শিগগিরই মন্ত্রীরা তাদের নিজ নিজ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন।

তাৎক্ষণিক অগ্রাধিকার
সরকারি সূত্র জানায়, সারাদেশে খাল খনন কর্মসূচি শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৮০ দিনের কর্মসূচির আওতায় অধিকাংশ এলাকায় খননকাজ শুরু হবে। একই সঙ্গে নিম্নআয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় এ কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। তাদের মধ্যে ৪১ জনই নতুন এবং ৩৩ জন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

রাষ্ট্রীয় সংস্কারে জোর
দায়িত্বশীল একাধিক মন্ত্রী জানান, বড় অবকাঠামো প্রকল্পের পরিবর্তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনা, দুর্নীতির সিন্ডিকেট ভাঙা এবং অর্থনীতিতে স্থিতিশীলতা আনা এখন প্রধান লক্ষ্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সরবরাহব্যবস্থা সচল রাখা এবং খেলাপি ঋণ আদায়ে টাস্কফোর্স গঠনের বিষয়ও বিবেচনায় রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সংশ্লিষ্ট খাতগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি আনার চেষ্টা চলছে।

শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব
শিক্ষা খাতে দক্ষতাভিত্তিক কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়া হচ্ছে। মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং প্রান্তিক শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে ‘মিড-ডে মিল’ চালুর উদ্যোগ রয়েছে। দীর্ঘমেয়াদে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন এবং শিল্পকারখানার সঙ্গে সমন্বিত প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হবে।

ক্রীড়া উন্নয়নে নতুন কর্মসূচি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে। ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি প্রদান এবং প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

সরকারের লক্ষ্য ‘ন্যায্য, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ’ গঠন। নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণমুখী অর্থনীতি, সুশাসন এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button