ভূরাজনীতি

১০ম বারের মতো আওয়ামী লীগের শীর্ষ পদে শেখ হাসিনা

আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলে ১০ম বারের মতো দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলে নির্বাচিত হন তিনি। এই কাউন্সিলে অংশ নেন প্রায় ৭ হাজার কাউন্সিলর এবং ১৪ হাজার প্রতিনিধি।

রাজনৈতিক দল আওয়ামী লীগের এখন পর্যন্ত সভাপতি হয়েছেন আটজন। এর মধ্যে বর্তমান সভাপতি শেখ হাসিনা সর্বোচ্চ ১০ বার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী তিনবার করে সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ দুবার এবং এ এইচ এম কামারুজ্জামান ও আবদুল মালেক উকিল একবার করে সভাপতি নির্বাচিত হন। আর সৈয়দা জোহরা তাজউদ্দীন একবার দলের আহ্বায়ক নির্বাচিত হন। এ ছাড়াও মহিউদ্দিন আহমেদ দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজগার্ডেনে গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মধ্য দিয়ে জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরে ১৯৫৫ সালের তৃতীয় জাতীয় সম্মেলনে সব ধর্ম-বর্ণের প্রতিনিধি হিসেবে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে দলের নাম করা হয় আওয়ামী লীগ।

দীর্ঘ নির্বাসন কাটিয়ে ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা টানা ১০ম বারের মতো দলটির সভাপতি নির্বাচিত হলেন।

Related Articles

Leave a Reply

Back to top button